পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
এক ব্যক্তি চাহিল সংঘটিত হউক শাস্তি, যাহা অবধারিত-
কাফিরদের জন্য, ইহা প্রতিরোধ করিবার কেহ নাই।
ইহা আসিবে আল্লাহ্র নিকট হইতে, যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী।
ফিরিশ্তা এবং রূহ্ আল্লাহ্র দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে, যাহার পরিমাণ পার্থিব পঞ্চাশ হাযার বৎসর।
সুতরাং তুমি ধৈর্যধারণ কর, পরম ধৈর্য।
উহারা ঐ দিনকে মনে করে সুদূর,
কিন্তু আমি দেখিতেছি ইহা আসন্ন।
সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মত
এবং পর্বতসমূহ হইবে রঙ্গীন পশমের মত,
এবং সুহৃদ সুহৃদের তত্ত্ব লইবে না,
উহাদেরকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তাহার সন্তান-সন্ততিকে,
তাহার স্ত্রী ও ভ্রাতাকে,
তাহার জ্ঞাতি-গোষ্ঠীকে, যাহারা তাহাকে আশ্রয় দিত
এবং পৃথিবীর সকলকে, যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয়।
না, কখনই নয়, ইহা তো লেলিহান অগ্নি,
যাহা গাত্র হইতে চামড়া খসাইয়া দিবে।
জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে, যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল।
যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল।
মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থিরচিত্তরূপে।
যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা-হুতাশকারী।
আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ ;
তবে সালাত আদায়কারীগণ ব্যতীত,
যাহারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত,
আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রহিয়াছে
যাচ্ঞাকারী ও বঞ্চিতের,
এবং যাহারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে।
আর যাহারা তাহাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীতসন্ত্রস্ত-
নিশ্চয়ই তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিঃশংক থাকা যায় না-
এবং যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে,
তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত, ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না-
তবে কেহ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমালংঘনকারী-
এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে,
আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল,
এবং নিজেদের সালাতে যত্নবান-
তাহারাই সম্মানিত হইবে জান্নাতে।
কাফিরদের হইল কি যে, উহারা তোমার দিকে ছুটিয়া আসিতেছে
দক্ষিণ ও বাম দিক হইতে, দলে দলে।
উহাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে, তাহাকে দাখিল করা হইবে প্রাচুর্যময় জান্নাতে ?
কখনো না, আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করিয়াছি তাহা উহারা জানে।
আমি শপথ করিতেছি উদয়াচলসমূহ ও অস্তাচলসমূহের অধিপতির-নিশ্চয়ই আমি সক্ষম,
উহাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানবগোষ্ঠীকে উহাদের স্থলবর্তী করিতে এবং ইহাতে আমি অক্ষম নই।
অতএব উহাদেরকে বাকবিতণ্ডা ও ক্রীড়া-কৌতুকে মত্ত থাকিতে দাও, যে দিবস সম্পর্কে তাহাদেরকে সতর্ক করা হইয়াছিল, তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত।
সেদিন উহারা কবর হইতে বাহির হইবে দ্রুতবেগে, মনে হইবে উহারা কোন উপাসনালয়ের দিকে ধাবিত হইতেছে,
অবনত নেত্রে। হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে ; ইহাই সেই দিন, যাহার বিষয়ে সতর্ক করা হইয়াছিল উহাদেরকে।

0 মন্তব্যসমূহ
Ok
Thanks.