পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
আমি শপথ করিতেছি এই নগরের
আর তুমি এই নগরের অধিবাসী,
শপথ জন্মদাতার ও যাহা সে জন্ম দিয়াছে।
আমি তো মানুষ সৃষ্টি করিয়াছি কষ্ট-ক্লেশের মধ্যে।
সে কি মনে করে যে, কখনও তাহার উপর কেহ ক্ষমতাবান হইবে না ?
সে বলে, ‘আমি প্রচুর অর্থ নিঃশেষ করিয়াছি।
সে কি মনে করে যে, তাহাকে কেহ দেখে নাই ?
আমি কি তাহার জন্য সৃষ্টি করি নাই দুই চক্ষু ?
আর জিহ্বা ও দুই ওষ্ঠ ?
আর আমি তাহাকে দুইটি পথ দেখাইয়াছি।
সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই।
তুমি কী জান-বন্ধুর গিরিপথ কী ?
ইহা হইতেছে: দাসমুক্তি।
অথবা দুর্ভিক্ষের দিনে আহার্যদান
ইয়াতীম আত্মীয়কে,
অথবা দারিদ্র্য-নিষ্পেষিত নিঃস্বকে,
তদুপরি সে অন্তর্ভুক্ত হয় মু'মিনদের এবং তাহাদের, যাহারা পরস্পরকে উপদেশ দেয় ধৈর্য ধারণের ও দয়া-দাক্ষিণ্যের ;
ইহারাই সৌভাগ্যশালী।
আর যাহারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে, উহারাই হতভাগ্য।
উহারা পরিবেষ্টিত হইবে অবরুদ্ধ অগ্নিতে।

0 মন্তব্যসমূহ
Ok
Thanks.