পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
শপথ তাহাদের যাহারা নির্মমভাবে উৎপাটন করে,
এবং যাহারা মৃদুভাবে বন্ধনমুক্ত করিয়া দেয়
এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে,
আর যাহারা দ্রুতবেগে অগ্রসর হয়,
অতঃপর যাহারা সকল কর্ম নির্বাহ করে।
সেই দিন প্রথম শিংগাধ্বনি প্রকম্পিত করিবে,
উহাকে অনুসরণ করিবে পরবর্তী শিংগাধ্বনি,
কত হৃদয় সেই দিন সন্ত্রস্ত হইবে,
উহাদের দৃষ্টি ভীতি-বিহ্বলতায় নত হইবে।
তাহারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই-
গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও ?
তাহারা বলে, ‘তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন।
ইহা তো কেবল এক বিকট আওয়াজ,
তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে।
তোমার নিকট মূসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি ?
যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুওয়া-য় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন,
‘ফির‘আওনের নিকট যাও, সে তো সীমালংঘন করিয়াছে,
এবং বল, ‘তোমার কি আগ্রহ আছে যে, তুমি পবিত্র হও-
‘আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথপ্রদর্শন করি যাহাতে তুমি তাঁহাকে ভয় কর ?
অতঃপর সে উহাকে মহানিদর্শন দেখাইল।
কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল।
অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল।
সে সকলকে সমবেত করিল এবং উচ্চৈ:স্বরে ঘোষণা করিল,
আর বলিল, ‘আমিই তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক।
অতঃপর আল্লাহ্ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন।
যে ভয় করে তাহার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রহিয়াছে।
তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি ? তিনিই ইহা নির্মাণ করিয়াছেন;
তিনি ইহার ছাদকে সুউচ্চ করিয়াছেন ও সুবিন্যস্ত করিয়াছেন।
আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক;
এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন।
তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ,
এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রোথিত করিয়াছেন;
এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য।
অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে
মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে,
এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য।
অনন্তর যে সীমালংঘন করে
এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়,
জাহান্নামই হইবে তাহার আবাস।
পক্ষান্তরে যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজকে বিরত রাখে,
জান্নাতই হইবে তাহার আবাস।
উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে, ‘উহা কখন ঘটিবে ?
ইহার আলোচনার সঙ্গে তোমার কী সম্পর্ক ?
ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট;
যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী।
যেই দিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে সেই দিন উহাদের মনে হইবে যেন উহারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করিয়াছে!

0 মন্তব্যসমূহ
Ok
Thanks.