بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়,
যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে,
এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয়, তখন কম দেয়।
উহারা কি চিন্তা করে না যে, উহারা পুনরুত্থিত হইবে
মহাদিবসে ?
যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সম্মুখে।
কখনও না, পাপাচারীদের ‘আমলনামা তো সিজ্জীনে আছে।
সিজ্জীন সম্পর্কে তুমি কী জান?
উহা চিহ্নিত ‘আমলনামা।
সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারকারীদের,
যাহারা কর্মফল দিবসকে অস্বীকার করে,
কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী ইহা অস্বীকার করে ;
উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ‘ইহা পূর্ববর্তীদের উপকথা।
কখনও নয় ; বরং উহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জঙ্ ধরাইয়াছে।
না, অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে ;
অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে ;
তৎপর বলা হইবে, ‘ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে।
অবশ্যই পুণ্যবানদের ‘আমলনামা ‘ইল্লিয়্যীনে,
‘ইল্লিয়্যীন সম্পর্কে তুমি কী জান?
উহা চিহ্নিত ‘আমলনামা।
যাহারা আল্লাহ্র সান্নিধ্যপ্রাপ্ত তাহারা উহা দেখে।
পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে,
তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে।
তুমি তাহাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে,
তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করান হইবে;
উহার মোহর মিস্কের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক।
উহার মিশ্রণ হইবে তাস্নীমের,
ইহা একটি প্রস্রবণ, যাহা হইতে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।
যাহারা অপরাধী তাহারা তো মু'মিনদেরকে উপহাস করিত।
এবং উহারা যখন মু'মিনদের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া ইশারা করিত।
এবং যখন উহাদের আপনজনের নিকট ফিরিয়া আসিত তখন উহারা ফিরিত উৎফুল্ল হইয়া,
এবং যখন উহাদেরকে দেখিত তখন বলিত, ‘ইহারাই তো পথভ্রষ্ট।
উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠান হয় নাই।
আজ মু'মিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে,
সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া।
কাফিররা উহাদের কৃতকর্মের ফল পাইল তো ?

0 মন্তব্যসমূহ
Ok
Thanks.