পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
যখন আকাশ বিদীর্ণ হইবে,
ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয়।
এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে।
ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাহিরে নিক্ষেপ করিবে ও শূন্যগর্ভ হইবে।
এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়; তখন তোমরা পুনরুত্থিত হইবেই।
হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্তকঠোর সাধনা করিয়া থাক, পরে তুমি তাঁহার সাক্ষাৎ লাভ করিবে।
যাহাকে তাহার ‘আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে
তাহার হিসাব-নিকাশ সহজেই লওয়া হইবে
এবং সে তাহার স্বজনদের নিকট প্রফুল্লচিত্তে ফিরিয়া যাইবে;
এবং যাহাকে তাহার ‘আমলনামা তাহার পৃষ্ঠের পশ্চাৎদিক হইতে দেওয়া হইবে
সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে;
এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে;
সে তো তাহার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,
সে তো ভাবিত যে, সে কখনই ফিরিয়া যাইবে না;
নিশ্চয়ই ফিরিয়া যাইবে; তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।
আমি শপথ করি অস্তরাগের,
এবং রাত্রির আর উহা যাহা কিছুর সমাবেশ ঘটায় তাহার,
এবং শপথ চন্দ্রের, যখন ইহা পূর্ণ হয়;
নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে।
সুতরাং উহাদের কি হইল যে, উহারা ঈমান আনে না
এবং উহাদের নিকট কুরআন পাঠ করা হইলে উহারা সিজ্দা করে না?
পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে।
এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ্ তাহা সবিশেষ অবগত।
সুতরাং উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও;
কিন্তু যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার।

0 মন্তব্যসমূহ
Ok
Thanks.